
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।
‘মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে মহানগর বিএনপির চারটি থানার সাবেক কমিটির নেতারা নেতৃত্ব দেন। আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
অংশগ্রহণকারী বিএনপি নেতারা বলছেন, এটি রাজশাহী মহানগরের বিএনপি রক্ষার আন্দোলন। এর আগে সবশেষ গত ২৫ মে একই কর্মসূচি পালন করেন এই একাংশের নেতা-কর্মীরা। এ ছাড়া একই দাবিতে ৩ মে বিক্ষোভ সমাবেশ ও ১১ মে তাঁরা সংবাদ সম্মেলন করেন।

দেড় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ রবিউল আলম, শাহ মখদুম থানার সাবেক সভাপতি মো. মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাজপাড়া থানার সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম (টুকটুকি) প্রমুখ।





